অনান্য সংবাদআলোচিত সংবাদ

তাহসিফের নিখোঁজ ও মৃ*ত্যুর ঘটনায় নতুন তথ্য!

তাহসিফের নিখোঁজ ও মৃ*ত্যুর ঘটনায় নতুন তথ্য!বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় আটক আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্তকারীদের কাছে দীপের দাবি, ঘটনার দিন তাহসিফের সঙ্গে একটি স্থানে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। পরিস্থিতি থেকে বাঁচতে তিনি নিজে সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেওয়ার পর পিবিআই ঢাকা মেট্রো উত্তর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। শুক্রবার তাকে সঙ্গে নিয়ে সম্ভাব্য ঘটনাস্থলও পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তারা।

পিবিআই মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন বিষয় যাচাই করা হয়েছে। তাহসিফ সেখানে কী কারণে গিয়েছিলেন এবং তার মৃত্যু হত্যা, দুর্ঘটনা নাকি আত্মহত্যার ফল—তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। পাওয়া তথ্যগুলো যাচাই শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না সংস্থাটি।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামালও জানিয়েছেন, দীপকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে আপাতত সেগুলো প্রকাশ করা হচ্ছে না।

এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই।

সংস্থাটির সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন, তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়। এটি তাহসিফের ব্যবহৃত বাহন কি না, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যাচাই চলছে।

তদন্তসংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, দীপের দেওয়া তথ্য অনুসরণ করেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। যানটির নম্বরপ্লেট না থাকায় মালিকানা শনাক্তের কাজ চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে তাহসিফকে বাড়ি থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল নিয়ে বের হতে দেখা গেছে।

তাহসিফের বাবা এনায়েতুল করিমের ভাষ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পাওয়ার পর বাসা থেকে বের হন তার ছেলে। ওই রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইল ফোনে পাঠানো বার্তায় তাহসিফ বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়।

এই বিভাগের আরো সংবাদঃ