
এবার সামিরা এবং ডনের ব্যাপারে যে নতুন নির্দেশ।চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর সাবেক স্ত্রী সামীরা হক ও চলচ্চিত্রের খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার এ সংক্রান্ত আবেদন করলে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।
এর আগে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সামীরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহ মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে ধরা হলেও পরে তাঁর পরিবার এটি হত্যাকাণ্ড দাবি করে মামলা করে।
বছরের পর বছর তদন্ত শেষে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত ও পিবিআই সবাই আত্মহত্যার মতামত দেয়, তবে সালমান শাহর মা নীলা চৌধুরী তা মানেননি। তিনি বারবার অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
২০২৫ সালের ২৭ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটির রিভিশন আবেদন মঞ্জুর করে নতুন করে তদন্তের নির্দেশ দেন। আদালত রমনা মডেল থানাকে অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন।
এজাহারে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়।



