
মাত্র ১১ রান করেও কিভাবে বিশ্ব রেকর্ড বাবর আজমের?সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া হয়েছিল বাবর আজমের, সেদিন তিনি শূন্য রানে আউট হন। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের প্রিয় তারকার রেকর্ড গড়া নিজেদের চোখে দেখতে।
তবে দক্ষিণ আফ্রিকা এতটাই কম রান করেছিল যে, বাবর আজম এই ম্যাচেও রেকর্ডটা গড়তে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কারণ, সফরকারী
দলটি মাত্র ১১০ রানে গুটিয়ে গিয়েছিল।
পাকিস্তানের দুই ওপেনার, সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব, ৫৪ রানের জুটি গড়ে দলকে দ্রুত জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। লাহোরের দর্শকরা যেন অধৈর্য হয়ে উঠছিলেন— তাঁরা শুধু দেখতে চাইছিলেন বাবর আজম কখন মাঠে নামবেন এবং কখন রেকর্ড গড়বেন।
৫৪ রানের মাথায় সাহিবজাদা ফারহান আউট হতেই দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। দেখে মনে হচ্ছিল, প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড় আউট হয়েছেন।
কিন্তু না, ফারহানের আউটের অর্থ ছিল বাবর আজমের মাঠে নামার সুযোগ তৈরি হওয়া।
বাবর আজম মাঠে নেমেই বাউন্ডারি মেরে লাহোরের দর্শকদের আনন্দে ভাসিয়ে দিলেন। এক প্রান্তে সাইম আইয়ুব ৩৮ বলে ৭১ রানের এক ঝোড়ো ইনিংস খেলছিলেন। তবে, বাবর আজম ঠিকই তাঁর প্রয়োজনীয় ৯ রান তুলে নিলেন। মাত্র ১১ বলে ৯ রান করে তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে গেলেন। আর তখনই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম তাঁকে শ্রদ্ধা জানাল।
বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৩ ইনিংসে বাবরের মোট রান ৪২৩৪। অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত শর্মার রান ছিল ১৫১ ইনিংসে ৪২৩১। অর্থাৎ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর আজম এখন সর্বোচ্চ রানের অধিকারী। তিনি শেষ পর্যন্ত ১১ রানে অপরাজিত থাকেন।



