অন্যান্য খেলাধুলাক্রিকেট

এবার সর্বোচ্চ রানের পাহাড় ঠেসে ফাইনালে ভারত!

এবার সর্বোচ্চ রানের পাহাড় ঠেসে ফাইনালে ভারত!ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে আগে কখনোই ৩০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতেনি কোনো দল। কিন্তু এবার সেই ইতিহাসই পাল্টে দিল ভারতের নারী দল। অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের বিশাল টার্গেট তাড়া করে তারা ৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় ৫ উইকেটে। এই জয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর লিচফিল্ড ও পেরির জুটি দলকে বড় স্কোরের ভিত্তি গড়ে দেয়। দুজন মিলে যোগ করেন ১৫৫ রান। ৯৩ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিচফিল্ড, যেখানে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কা।

অন্যদিকে পেরি খেলেন ৮৮ বলে ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ইনিংসের শেষ দিকে গার্ডনার ৪৫ বলে ৬৩ রান করে অস্ট্রেলিয়াকে ৩৩৮ রানে পৌঁছে দেন। তার ব্যাটে আসে ৪টি চার ও ৪টি ছক্কা। এক বল বাকি থাকতে দলটি অলআউট হয়।

৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই হারায় শেফালি ভার্মা (১০)। কিছুক্ষণ পরেই ফেরেন স্মৃতি মান্দানাও (২৪)। তবে এরপর ইনিংস সামলে নেন জেমিমা রদ্রিগুয়েজ ও অধিনায়ক হারমানপ্রিত কর। দুজন মিলে গড়েন ১৬৭ রানের জুটি। কর ৮৮ বলে ৮৯ রান করে ফেরেন সাজঘরে।

শেষ দিকে রিচা ঘোষ (২৬) ও দীপ্তি শর্মা (২৪) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। অপরপ্রান্তে অপরাজিত থাকেন জেমিমা রদ্রিগুয়েজ, যিনি ১৩৪ বলে ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

এই জয়ে থেমে গেছে অস্ট্রেলিয়া নারী দলের টানা ১৫ ম্যাচের জয়ের ধারা (২০২২–২০২৫)। ম্যাচটি নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ (৭৮১) রান তোলার নতুন রেকর্ডও গড়েছে। উল্লেখযোগ্যভাবে, অস্ট্রেলিয়া ছয়বার সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে দ্বিতীয়বার হারের স্বাদ পেল। ফাইনালে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

এই বিভাগের আরো সংবাদঃ