
যে ৩ শ্রেণির নাগরিক প্রথমে পাচ্ছেন ফ্যামিলি কার্ড।আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড একটি সার্বজনীন উদ্যোগ। পর্যায়ক্রমে সব নাগরিকই এই কার্ডের আওতায় আসবেন। তবে শুরুতে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, কিছু অসাধু চক্র ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিচ্ছে—এটি সম্পূর্ণ প্রতারণা। সরকার বিনামূল্যে কার্ড প্রদান করবে; এর জন্য কোনো টাকা লাগবে না। কেউ টাকা দাবি করলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, চার বছরের মধ্যে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করা হবে। উপকারভোগীদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে এবং বাংলাদেশ ব্যাংক–এর তত্ত্বাবধানে সুবিধাভোগীরা নিজেদের পছন্দের ব্যাংক থেকে আর্থিক সহায়তা তুলতে পারবেন।
এ ছাড়া কড়াইল বস্তিসহ ময়মনসিংহের কয়েকটি এলাকায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার তথ্য পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী। তিনি সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অফলাইন ও অনলাইন—দুইভাবেই তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।



