
ব্রেকিং নিউজ:ভারতে গ্রেফতার হলেন ফয়সাল, দেশত্যাগ করেন যে সীমান্ত দিয়ে।
বাংলাদেশে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিককে ভারতে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন।
ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত দুই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে।
এসটিএফ জানায়, ৭ মার্চ রাত থেকে ৮ মার্চ ভোরের মধ্যে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের একজন ফয়সাল করিম মাসুদ (৩৭), যিনি পটুয়াখালীর বাসিন্দা। অন্যজন আলমগীর হোসেন (৩৪), তার বাড়ি ঢাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর তারা পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতের বিভিন্ন এলাকা ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ অঞ্চলে আসে এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল।
এ ঘটনায় ভারতে মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করার পর আটক দুজনকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ১৪ ডিসেম্বর শরিফ ওসমান হাদিকে রিকশায় যাওয়ার সময় গুলি করে হত্যার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তারা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে ভারত সীমান্ত পার হয় বলে সূত্রে জানা যায়।
ঘটনার পর প্রথমে তারা একটি প্রাইভেটকারে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর ও ময়মনসিংহে যায়। পরে গাড়ি পরিবর্তন করে সীমান্ত এলাকায় পৌঁছে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে সীমান্ত অতিক্রম করে।
পুলিশ জানায়, তাদের সীমান্ত পার হতে সাহায্যকারী ব্যক্তিকে এখনও আটক করা যায়নি। তবে সীমান্ত এলাকায় অবস্থান করা আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



